বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ · সত্য • সাহস • সংবাদ📍 আপনার এলাকা: রাজশাহী
রাজশাহী নিউজ
সর্বশেষরাজশাহী ও বাংলাদেশের সর্বশেষ সংবাদ জানতে সঙ্গে থাকুন

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: ইসির তফসিল প্রস্তুতি

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে। ভোটার তালিকা চূড়ান্তের পর আনুষ্ঠানিক তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

৯০ দিনের মধ্যে ভোট, দ্রুতই তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির
রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে দ্রুত তফসিল ঘোষণার প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি জানিয়েছে, ভোটার তালিকা চূড়ান্ত করার পরই নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ শুক্রবার বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করা বাধ্যতামূলক। বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৪ জুলাই পদত্যাগ করায় রাষ্ট্রপতির পদটি আনুষ্ঠানিকভাবে শূন্য হয়েছে। ইসি সূত্র জানায়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুসরণ করে নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হবে। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার নিজেই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩৫০ জন সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে বিবেচিত হবেন; সে অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুত ও চূড়ান্ত করার কাজ দ্রুত শুরু হবে। কমিশন আরও জানায়, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি অনেকটা সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতো হবে। একাধিক প্রার্থী থাকলে নির্ধারিত দিনে জাতীয় সংসদে ভোটগ্রহণ হবে। তবে একজন বৈধ প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। শনিবার সাপ্তাহিক ছুটির কারণে দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকলেও রোববার অথবা পরবর্তী কার্যদিবসে কমিশনের বৈঠকে তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানানো হয়েছে। কমিশনের কর্মকর্তাদের ভাষ্য, খুব অল্প সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দেশবাসীর সামনে প্রকাশ করা হবে। সংবিধানের বিধান অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার বিষয়ে ইসি আশাবাদ ব্যক্ত করেছে।