ভালো ছবি: কম্পোজিশনের সহজ ১০ কৌশল জেনে নিন
দামি ক্যামেরা বা স্মার্টফোন নয়—ভালো ছবি হয় মূলত কম্পোজিশনের কারণে। কোথায় কী রাখবেন, কী বাদ দেবেন, আলো-ছায়া ও ফ্রেমের ব্যবহার ঠিক করলে সাধারণ দৃশ্যও চোখে পড়ার মতো হয়।

ভালো ছবি তোলার ক্ষেত্রে দামি ক্যামেরা বা স্মার্টফোনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কম্পোজিশন। ছবি কতটা চোখে পড়বে, তা নির্ভর করে কোথায় কী থাকবে, কী বাদ যাবে, আলো-ছায়া কেমন হবে এবং ফ্রেম কীভাবে ব্যবহার করা হবে—এসব সিদ্ধান্তের ওপর। কিছু সহজ নিয়ম মেনে চললে সাধারণ দৃশ্যও আকর্ষণীয়ভাবে তুলে ধরা যায়।
ফটোগ্রাফি কম্পোজিশন বলতে বোঝায় ছবি তোলার সময় মানুষ, বস্তু, আলো, রং ও জায়গাকে সচেতনভাবে সাজানো। লক্ষ্য থাকে ছবি যেন সুন্দর, ভারসাম্যপূর্ণ ও অর্থবহ হয়। কম্পোজিশন দর্শকের চোখকে মূল বিষয়বস্তুর দিকে নিয়ে যায় এবং স্থির ছবিতেও গল্প বোঝাতে সাহায্য করে। তাই কম্পোজিশনকে ছবির ভাষা হিসেবে দেখা যেতে পারে।
কম্পোজিশনের গুরুত্বপূর্ণ কৌশলগুলো হলো—
১. রুল অফ থার্ডস: ফ্রেমকে অনুভূমিক ও উল্লম্বভাবে তিন ভাগে ভাগ করে মূল বিষয়বস্তু এই লাইনের ওপর বা ছেদবিন্দুর কাছে রাখলে ছবি স্বাভাবিক ও ভারসাম্যপূর্ণ দেখায়। পোর্ট্রেটে চোখ উপরের থার্ড লাইনের কাছে এবং ল্যান্ডস্কেপে আকাশ বা জমির জন্য বেশি জায়গা রাখা উপকারী।
২. লিডিং লাইন: ছবির ভেতরের রেখা দর্শকের চোখকে মূল সাবজেক্টের দিকে নিয়ে যায়। রাস্তা, নদী, রেললাইন, সিঁড়ি বা ভবনের কাঠামোকে লিডিং লাইন হিসেবে ব্যবহার করা যায়। সোজা লাইন দৃঢ়তা, বাঁকা লাইন নরম ভাব এবং তির্যক লাইন নাটকীয়তা যোগ করে।
৩. ফ্রেমিং: মূল বিষয়কে আরও দৃশ্যমান করতে ছবির ভেতরে জানালা, দরজা, গাছের শাখা বা স্থাপনার অংশের মতো প্রাকৃতিক বা কৃত্রিম ফ্রেম ব্যবহার করা হয়। এতে ছবি আরও গল্পময় ও আকর্ষণীয় হয়।
৪. ফোরগ্রাউন্ড, মিডল গ্রাউন্ড ও ব্যাকগ্রাউন্ড: সামনের, মাঝের ও পেছনের স্তর থাকলে ছবিতে ত্রিমাত্রিক ও জীবন্ত প্রভাব আসে। সামনের অংশ দর্শকের চোখে আগে আসে, মিডল গ্রাউন্ড হলো প্রধান বিষয়বস্তু, আর ব্যাকগ্রাউন্ড পরিবেশ তৈরি করে কিন্তু সাবজেক্টকে প্রাধান্য হারাতে দেয় না।
৫. সিমেট্রি ও প্যাটার্ন: সিমেট্রি ছবি ভারসাম্যপূর্ণ ও পরিপাটি করে। প্যাটার্ন হলো রং, আকৃতি বা রেখার পুনরাবৃত্তি, যা ছন্দ তৈরি করে এবং দর্শকের চোখ ধরে রাখে।
৬. পজিটিভ ও নেগেটিভ স্পেস: পজিটিভ স্পেস মূল সাবজেক্ট, আর নেগেটিভ স্পেস তা ঘিরে থাকা ফাঁকা জায়গা। সঠিকভাবে ব্যবহার করলে ছবি পরিষ্কার, মিনিমাল ও দৃষ্টিনন্দন হয়।
৭. ব্যালেন্স: ছবির উপাদানগুলো ভারসাম্যপূর্ণভাবে সাজালে ছবি চোখে আরামদায়ক ও স্থির লাগে। সিমেট্রিক বা অসমান উপাদান দিয়েও ব্যালেন্স তৈরি করা সম্ভব।
৮. ভিউপয়েন্ট পরিবর্তন: সবসময় চোখের সমান উচ্চতা থেকে না তুলে নিচু কোণ, ওপরে থেকে, কাছে বা দূর থেকে মতো ভিন্ন দৃষ্টিকোণ নির্বাচন করলে দৃশ্য নতুন ও আকর্ষণীয় হতে পারে।
৯. ফিল দা ফ্রেম: ছবির পুরো ফ্রেম মূল সাবজেক্ট দিয়ে পূর্ণ করলে অপ্রয়োজনীয় এলিমেন্ট কমে এবং দর্শকের মনোযোগ সরাসরি সাবজেক্টে থাকে।
১০. ব্যাকগ্রাউন্ড খেয়াল রাখা: পরিষ্কার ও সরল ব্যাকগ্রাউন্ড সাবজেক্টকে ফুটিয়ে তোলে। প্রয়োজনে অ্যাঙ্গেল পরিবর্তন, দূরত্ব ঠিক করা বা কম ডেপথ অব ফিল্ড ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায়।
সব মিলিয়ে ভালো ছবি মানে চোখের দৃষ্টি ও কম্পোজিশনের মেলবন্ধন—সহজ কৌশল প্রয়োগ করে যেকোনো দৃশ্যকে মনে রাখার মতো করে তোলা।


