বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ · সত্য • সাহস • সংবাদ📍 আপনার এলাকা: রাজশাহী
রাজশাহী নিউজ
সর্বশেষরাজশাহী ও বাংলাদেশের সর্বশেষ সংবাদ জানতে সঙ্গে থাকুন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে টলিউড তারকাদের পারিশ্রমিক ইস্যু

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে টলিউড তারকাদের অংশগ্রহণ ও পারিশ্রমিক নিয়ে বিতর্ক উঠেছে। চলচ্চিত্র নির্মাতা শুভ্রজিৎ মিত্র দাবি করেছেন, রোড-শোতে অংশ নিতে তারকারা ২ থেকে ৫ লাখ রুপি পর্যন্ত নেন এবং নির্দিষ্ট অর্থ নিশ্চিত না হলে প্রচারে অনীহা দেখা যায়।

ভোটের প্রচারে টলিউড তারকারা নেন লাখ টাকা, বিস্ফোরক দাবি নির্মাতার
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে টলিউড তারকাদের রাজনৈতিক প্রচারে অংশগ্রহণ ও পারিশ্রমিক নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। চলচ্চিত্র নির্মাতা শুভ্রজিৎ মিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগ করেছেন যে, নির্বাচনী প্রচারে অংশ নিতে অনেক তারকা মোটা অঙ্কের অর্থ গ্রহণ করেন। তিনি বলেন, একেকটি রোড-শোতে অংশ নেওয়ার ক্ষেত্রে অনেক তারকা ২ থেকে ৫ লাখ রুপি পর্যন্ত পারিশ্রমিক নেন। তার অভিযোগ, অনেক ক্ষেত্রে নগদ অর্থে পারিশ্রমিক নেওয়া হয় এবং অর্থ নিশ্চিত না হলে প্রচারে অংশ নিতে অনীহা প্রকাশ করা হয়। মিত্রের দাবি, এসব প্রচার এখন জনসেবা হিসেবে নয়, বরং একটি পেশাদার ও লাভজনক কর্মকাণ্ডে পরিণত হয়েছে। শুভ্রজিৎ মিত্র আরও বলেন, রাজনৈতিক দলের প্রার্থী ও প্রচার কার্যক্রমে আরও বড় অঙ্কের অর্থ ব্যয় হয়। তিনি উল্লেখ করেন যে, হেলিকপ্টার, জনসমাবেশসহ বিভিন্ন ব্যয়ের আড়ালে কোটি কোটি রুপি লেনদেন হয়। তার বক্তব্য অনুযায়ী, সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের বিষয়ে নজরদারি শুরু হয়েছে এবং ভবিষ্যতে এ বিষয়ে বড় ধরনের তথ্য সামনে আসতে পারে। এদিকে চলমান নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে একাধিক জনপ্রিয় টলিউড তারকাকে প্রচারে দেখা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট তারকা বা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।