ঢাবি নিয়ে বক্তব্য: ফুয়াদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ, ১০০ কোটি দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে অবমাননাকর ও মানহানিকর মন্তব্যের অভিযোগ এনে এবি পার্টির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হওয়ার অভিযোগে ১০০ কোটি টাকা দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ দাবি করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে অবমাননাকর, বিদ্বেষপূর্ণ ও মানহানিকর মন্তব্যের অভিযোগে এবি পার্টির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়, তার বক্তব্যের ফলে দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ও সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
লিগ্যাল নোটিশে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্নের অভিযোগ তুলে শাস্তিমূলক ও দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি টাকা পরিশোধের দাবি জানানো হয়েছে। এ দাবির পুরো অর্থ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা তহবিল’-এ জমা দিতে বলা হয়েছে, যাতে অর্থটি গবেষণা ও শিক্ষা কার্যক্রমে ব্যবহৃত হতে পারে।
নোটিশে পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়। নোটিশটি শনিবার (৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী তন্ময় কুমার সাহা পাঠান। তবে এ বিষয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


