বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ · সত্য • সাহস • সংবাদ📍 আপনার এলাকা: রাজশাহী
রাজশাহী নিউজ
সর্বশেষরাজশাহী ও বাংলাদেশের সর্বশেষ সংবাদ জানতে সঙ্গে থাকুন

চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে স্টারলিংক ইন্টারনেট চালু বিএসসিএল

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) দেশে প্রথমবারের মতো চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ‘স্টারলিংক’ ইন্টারনেট সেবা চালু করেছে। প্রাথমিকভাবে তিনটি আন্তনগর ট্রেনে যাত্রীরা ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছেন।

চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ‘স্টারলিংক’ ইন্টারনেট সেবা চালু করেছে। শনিবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ-এর নির্দেশনায় বিএসসিএল এই সেবা চালু করেছে। এ কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ রেলওয়ের সহযোগিতা রয়েছে। প্রাথমিকভাবে গত শুক্রবার থেকে দেশের কয়েকটি জনপ্রিয় ও ভিআইপি আন্তনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে ফ্রি ওয়াই-ফাই সেবা শুরু করা হয়। এই পর্যায়ে যাত্রীরা তিনটি ট্রেনে সুবিধাটি পাচ্ছেন—পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস এবং বনলতা এক্সপ্রেস। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন উপদেষ্টা রেহান আসিফ আসাদ। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য ননস্টপ ও অধিক চাহিদাসম্পন্ন আন্তনগর ট্রেনেও স্টারলিংকভিত্তিক ইন্টারনেট সেবা স্থায়ীভাবে চালু করা হবে। এই সেবা চালু হলে যাত্রীরা ট্রেনে বসেই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এর ফলে ফ্রিল্যান্সিং, অনলাইন ক্লাস, দাপ্তরিক কাজসহ বিভিন্ন অনলাইন কার্যক্রম পরিচালনা করা আরও সহজ হবে।