ঈদুল আযহায় রুয়া নেতাদের মুসলিম উম্মাহকে শুভেচ্ছা
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) সভাপতি মু. রফিকুল ইসলাম খান এমপি ও সেক্রেটারি প্রফেসর ড. নিজাম উদ্দিন বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা ত্যাগ ও কুরবানির তাৎপর্য, ভ্রাতৃত্ব-সম্প্রীতি এবং স্বাস্থ্য সচেতনতার সঙ্গে ঈদ উদযাপনের আহ্বান জানান।

রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) সভাপতি মু. রফিকুল ইসলাম খান এমপি ও সেক্রেটারি প্রফেসর ড. নিজাম উদ্দিন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাবিয়ানসহ বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক যৌথ বার্তায় নেতৃবৃন্দ বলেন, ত্যাগ ও কুরবানির মহিমা নিয়ে ঈদুল আযহা মুসলিম উম্মাহর দ্বারে সমাগত। তাঁদের মতে, এই ঈদ কেবল ত্যাগের চেতনাকে জাগ্রত করে না, সমাজে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনও সুদৃঢ় করতে সহায়তা করে।
তারা উল্লেখ করেন, মুসলিম জাতির পিতা হযরত ইবরাহীম (আ.) আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ ও কুরবানির মহাপরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। সেই শিক্ষা স্মরণ করে জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈমানি পরীক্ষায় সফল হওয়ার প্রেরণাই আল্লাহ তায়ালা কিয়ামত পর্যন্ত মুসলিম মিল্লাতের ওপর কুরবানির বিধান জারি রেখেছেন বলে বার্তায় বলা হয়।
শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়, পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামীন ঘোষণা করেছেন—“বলুন, আমার নামাজ, আমার কুরবানি এবং আমার জীবন ও মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহরই জন্য।” নেতৃবৃন্দ জানান, ঈদুল আযহা মানুষের মাঝে আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ তৈরি করে। ব্যক্তি জীবনে নফসের ওপর বিজয় অর্জন করে আল্লাহর বিধান অনুসরণ করতে পারলেই প্রকৃত সন্তুষ্টি অর্জন সম্ভব।
রুয়া নেতৃবৃন্দ রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারসহ দেশ-বিদেশের মুসলিম উম্মাহর প্রতি ঈদুল আযহার শুভেচ্ছা জানান। পাশাপাশি তাঁরা সবাইকে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে স্বাস্থ্য সচেতনতার সঙ্গে যথাযথ মর্যাদায় ঈদ উদযাপনের আহ্বান জানান।


