শাকিব খানের ‘প্রিন্স’-এ ‘পরী’ গান প্রকাশ ঈদকে ঘিরে প্রত্যাশা
ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাকে কেন্দ্র করে দর্শকদের আগ্রহ বাড়ছে। এরই মধ্যে বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় প্রকাশ পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত গান ‘পরী’।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমা ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। ট্রেলার, টিজার এবং ভিন্নধর্মী লুক প্রকাশের পর থেকে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়।
এই আগ্রহের মধ্যেই বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় প্রকাশ পেতে যাচ্ছে সিনেমাটির বহুল প্রতীক্ষিত গান ‘পরী’। গানটির কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবন। কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও সোমনুর মনির কোনাল। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল।
রোমান্টিক আবহে নির্মিত ‘পরী’ গানটি সিনেমার গল্পের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যবহৃত হওয়ায় গানটি ঘিরে দর্শকদের প্রত্যাশাও বেড়েছে। এর আগে ‘প্রিন্স’ সিনেমার ট্রেলার ও টিজার প্রকাশের পর থেকেই কৌতূহল বাড়ে—বিশেষ করে শাকিব খানের নতুন লুক ও অ্যাকশনধর্মী উপস্থাপনা নজর কাড়ে।
আবুল হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে একটি গ্যাংস্টার চরিত্রে। এতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোর্তিময়ী, দিব্যেন্দু, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ ও শরীফ সিরাজসহ অনেকে। বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ভারত—তিন দেশে হয়েছে ছবিটির শুটিং।
নির্মাতাদের আশা, ঈদের আগে প্রকাশিত ‘পরী’ গানটি দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করবে এবং সিনেমাটির প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ করবে। উল্লেখ্য, সিনেমাটির একটি আইটেম গানে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা, তার সঙ্গে গেয়েছেন প্রীতম হাসান।


