বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ · সত্য • সাহস • সংবাদ📍 আপনার এলাকা: রাজশাহী
রাজশাহী নিউজ
সর্বশেষরাজশাহী ও বাংলাদেশের সর্বশেষ সংবাদ জানতে সঙ্গে থাকুন

কুসংস্কারেই নিউজার্সি নয়: ফাইনালে বাসভবন থেকেই মিলেই

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনা নামছে মেটলাইফ স্টেডিয়ামে। তবে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে যাবেন না; কুসংস্কার-ঘেঁষা ‘লাকি রুটিন’ বজায় রাখতে তিনি সরকারি বাসভবন থেকেই খেলা দেখার সিদ্ধান্ত নিয়েছেন।

কুসংস্কারের কারণে ফাইনালে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট
বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ইতিহাস গড়ার মঞ্চে আর্জেন্টিনা নামছে। শিরোপা নির্ধারণী এই ম্যাচে দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই মাঠে উপস্থিত থাকবেন না। তিনি যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে না গিয়ে নিজের সরকারি বাসভবন থেকেই ফাইনাল দেখবেন বলে জানিয়েছেন। আগামী রোববার (বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা) নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে টুর্নামেন্টজুড়ে যেমনটি করেছেন, ফাইনলেও মিলেই একইভাবে অলিভোসে অবস্থিত প্রেসিডেন্টের সরকারি বাসভবন থেকেই খেলা উপভোগ করবেন। স্থানীয় রেডিও এল অবজারভাদর-কে দেওয়া সাক্ষাৎকারে মিলেই বলেন, তিনি কোনোভাবেই বাইরে গিয়ে খেলা দেখবেন না; সব ম্যাচের মতো এবারও বাসভবন থেকেই খেলা দেখবেন। তিনি জানান, সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি একটি তেল কোম্পানির লোগোযুক্ত জ্যাকেট পরে খেলা দেখছিলেন। গরম লাগায় জ্যাকেটটি খুলে ফেললে আর্জেন্টিনা গোল হজম করে। পরে আবার জ্যাকেটটি পরার পর দল ঘুরে দাঁড়ায়। এরপর থেকেই তিনি বিশ্বাস করতে থাকেন, ওই জ্যাকেটই তাঁর জন্য ‘সৌভাগ্যের প্রতীক’। সেই কারণে ফাইনালেও তিনি একই রুটিন বজায় রাখবেন। আর্জেন্টিনায় এ ধরনের কুসংস্কারকে কাবালা নামে ডাকা হয়। দেশটির অনেক সমর্থকের ধারণা, দল জিততে থাকলে একই পোশাক পরা, একই জায়গায় বসে খেলা দেখা বা একই অভ্যাস ধরে রাখা সৌভাগ্য বয়ে আনে। কেউ পুরো টুর্নামেন্টে জার্সি ধোয়া থেকে বিরত থাকেন, আবার কেউ প্রতিটি ম্যাচ একই আসনে বসে খেলা দেখেন। ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে এ ধরনের বিশ্বাস ব্যাপকভাবে দেখা গেছে। এমনকি প্রতিপক্ষের খেলোয়াড়দের ছবি ফ্রিজে রাখা বা নির্দিষ্ট ধর্মীয় আচার অনুসরণ করার ঘটনাও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আর্জেন্টিনার প্রেসিডেন্টদের মধ্যেও বিশ্বকাপে জাতীয় দলের ম্যাচ মাঠে গিয়ে না দেখার একটি দীর্ঘদিনের অলিখিত রীতি রয়েছে। ১৯৯০ বিশ্বকাপে তৎকালীন প্রেসিডেন্ট কার্লোস মেনেম উদ্বোধনী ম্যাচের আগে দলের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এরপর ক্যামেরুনের কাছে অপ্রত্যাশিত পরাজয়ের পর তাঁকে ‘অমঙ্গল বয়ে আনা ব্যক্তি’ হিসেবে অভিহিত করা হয়। সেই ঘটনার পর থেকে দায়িত্বে থাকা কোনো আর্জেন্টাইন প্রেসিডেন্ট জাতীয় দলের বিশ্বকাপ ম্যাচে মাঠে উপস্থিত হওয়ার নজির খুব একটা দেখা যায়নি। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখছেন হাভিয়ের মিলেই। তিনি আশা করছেন, নিজের ‘লাকি রুটিন’ অক্ষুণ্ন থাকলে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিততে পারবে।