রোমান্টিক সিনে ‘সমস্যা’—জয়া আহসান বললেন আবীরের কথা
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান জানান, আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করতে তিনি স্বস্তি বোধ করেন। তবে বন্ধুত্বের টানেই অনেক সময় রোমান্টিক দৃশ্যে সমস্যা হয় বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে আলোচনা, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী সম্পর্কেও কথা বলেন জয়া।

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান গতকাল রোববার একটি মন্তব্য করেন—‘ওর সঙ্গে মাঝেমাঝে রোমান্টিক সিন করতে প্রবলেম হয়ে যায়’। ভক্তদের কৌতূহল তৈরি হয়, এই ‘ও’ বলতে তিনি কার কথা বলেছেন।
জয়া আহসান অভিনীত ‘আজও অর্ধাঙ্গিনী’ এখনো কলকাতার সিনেমা হলে চলছে। সিনেমাটির পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এই সিনেমা নিয়ে আলোচনার প্রসঙ্গে তিনি আনন্দবাজারের সঙ্গে আড্ডায় রোমান্টিক দৃশ্য নিয়ে কথা বলেন।
আড্ডায় একটি খেলায় চিরকুট ওঠান জয়া। সেখানে লেখা ছিল আবীর চট্টোপাধ্যায়ের নাম। নাম শুনেই কিছুটা থেমে জয়া বলেন, ‘আবীর আমার প্রিয় বন্ধু। আমার পছন্দের সহশিল্পী। ওর সঙ্গে অভিনয় করতে আমি ভীষণ কমফোর্টেবল। আমাদের মধ্যে দারুণ বোঝাপড়া।’
জয়া জানান, দুই বাংলার পরিচিত মুখ হিসেবে তাঁরা একসঙ্গে ‘বিসর্জন’, ‘বিজয়া’ এবং ‘পুতুল নাচের ইতিকথা’-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন। পেশাগত সম্পর্কের বাইরে তাঁদের বন্ধুত্বের বিষয়টিও টালিউডে সুপরিচিত। জয়া বলেন, পর্দায় তাঁদের রসায়ন যেমন দর্শকদের মুগ্ধ করে, তেমনি নিজেদের কাজও তিনি উপভোগ করেন।
কলকাতায় দুজনের একাধিক কাজ করার অভিজ্ঞতায় আবীরের সঙ্গে তাঁর বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হয়েছে বলে জানান জয়া। তিনি এটিকে সহশিল্পী হিসেবে ‘কমফোর্ট জোন’ বা স্বস্তির জায়গা হিসেবে উল্লেখ করেন। এ ছাড়া আবীরের ব্যক্তিত্ব নিয়েও কথা বলেন তিনি। জয়া বলেন, আবীর একজন সমালোচনাহীন, নির্ঝঞ্ঝাট ও চমৎকার মানুষ—যিনি পেশাগত জীবন ও সংসারে ভারসাম্য বজায় রেখে চলতে পারেন। তাঁর মতে, এই বিষয়গুলোই তাঁদের বন্ধুত্বকে শক্ত করেছে।
জয়া আরও জানান, তাঁদের বন্ধুত্ব এতটাই ভালো যে একসঙ্গে কাজ করতে গেলেও কিছু ক্ষেত্রে অস্বস্তি তৈরি হয়। এ প্রসঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা এতটাই কমফোর্টেবল যে ওর সঙ্গে মাঝেমাঝে রোমান্টিক সিন করতে প্রবলেম হয়ে যায়। ওর সঙ্গে রোমান্টিসিজমটা আসে না। আমাদের বন্ধুত্বটা এতটাই।’
আড্ডায় বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম সম্পর্কেও কথা বলেন জয়া। মোশাররফ করিম প্রসঙ্গে তিনি বলেন, অভিনয়ের ক্ষেত্রে তিনি ‘ম্যাজিশিয়ান’, তাঁর অভিনয়ে জাদু রয়েছে এবং তিনি অসাধারণ অভিনেতা—যদিও তাঁদের একসঙ্গে খুব বেশি অভিনয় করা হয়নি, তাঁর কাজ দেখা হয় বলেও জানান জয়া।
চঞ্চল চৌধুরী সম্পর্কে জয়া বলেন, ‘সে ভালো বন্ধু। ওর সম্পর্কে বলব, ও খুবই অলস। কদিন ধরেই ওকে জিমে নেওয়ার চেষ্টা করছি।’
ব্যক্তিগত প্রসঙ্গেও আড্ডা এগোয়। পরকীয়ার প্রসঙ্গ উঠলে জয়া বলেন, ‘পরকীয়া–আপনকীয়া এগুলো আমি বুঝি না। প্রেম আমার কাছে প্রেম, যদি সেটায় প্রেম থাকে, ভালোবাসা থাকে।’


