বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ · সত্য • সাহস • সংবাদ📍 আপনার এলাকা: রাজশাহী
রাজশাহী নিউজ
সর্বশেষরাজশাহী ও বাংলাদেশের সর্বশেষ সংবাদ জানতে সঙ্গে থাকুন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের বিষয়টি নিশ্চিত করলেন

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার বিকেলে নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। পদত্যাগপত্র গ্রহণ ও পরবর্তী প্রক্রিয়া নিয়ে জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন বলে শুক্রবার বিকেলে নিজেই নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে হোয়াটসঅ্যাপে আলাপকালে রাষ্ট্রপতি বলেন, “এটা তো সর্বজনবিদিত, আমার মুখ থেকে শুনে কী লাভ? আই অ্যাম সিক, সো ইট ইজ ডান।” পদত্যাগপত্রে স্বাক্ষর সম্পন্ন হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি সংক্ষিপ্তভাবে বলেন, “বলে দিছি, বুঝে নেন।” এদিকে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাতে শুক্রবার বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পদত্যাগপত্র গ্রহণ ও পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে লিখিত ও স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করেন। একই সংবিধানের ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অপারগ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচন বাধ্যতামূলক। মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা থাকলেও মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী সাংবিধানিক কার্যক্রম এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের বিষয়টি স্পিকারের সংবাদ সম্মেলনের পর আরও স্পষ্ট হবে।