বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ · সত্য • সাহস • সংবাদ📍 আপনার এলাকা: রাজশাহী
রাজশাহী নিউজ
সর্বশেষরাজশাহী ও বাংলাদেশের সর্বশেষ সংবাদ জানতে সঙ্গে থাকুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন সহ-উপাচার্য নিয়োগ পেলেন দুই অধ্যাপক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন সহ-উপাচার্য হিসেবে অধ্যাপক মো. আবদুল আলিম (প্রশাসন) এবং অধ্যাপক মামুনুর রশীদ (একাডেমিক) নিয়োগ পেয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আগের সহ-উপাচার্যদেরও অব্যাহতি দেওয়া হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন দুই সহ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন সহ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ্যা ও কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক মো. আবদুল আলিম (প্রশাসন) এবং ফার্মেসি বিভাগের অধ্যাপক মামুনুর রশীদ (একাডেমিক)। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাঁদের নিয়োগের বিষয়টি জানানো হয়। একই সঙ্গে অন্য দুটি পৃথক প্রজ্ঞাপনে আগের সহ-উপাচার্যদের অব্যাহতি দিয়ে নিজ নিজ বিভাগে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩–এর ধারা ১৩(১) অনুযায়ী অধ্যাপক মো. আবদুল আলিমকে সহ-উপাচার্য (প্রশাসন) এবং অধ্যাপক মামুনুর রশীদকে সহ-উপাচার্য (একাডেমিক) পদে নিয়োগ দেওয়া হলো। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নবনিযুক্ত সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আবদুল আলিম বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বর্তমান সভাপতি। অপরদিকে, সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মামুনুর রশীদ বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাবের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্বে আছেন। প্রজ্ঞাপন জারির পর তাঁরা গতকাল রাতেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন এবং দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন। এদিকে পৃথক প্রজ্ঞাপনে আগের সহ-উপাচার্যদের অব্যাহতি দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩–এর ধারা ১৩(১) অনুযায়ী সহ-উপাচার্য (প্রশাসন) হিসেবে মোহাম্মদ মইন উদ্দিন এবং সহ-উপাচার্য (শিক্ষা) ফরিদ উদ্দিন খানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের নিজ নিজ বিভাগে যোগদানের অনুমতিও দেওয়া হয়েছে।