স্থানীয় সরকার নির্বাচন: আগস্টে তফসিল, অক্টোবরের ভোটের প্রস্তুতি
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন চলতি জুনের মধ্যেই বিধিমালা ও আচরণবিধি হালনাগাদ করে প্রস্তুতি শেষ করতে চায়। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কর্মকর্তাদের জানানো হয়েছে, আগস্টের শেষ দিকে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথম ধাপে ভোট আয়োজনের প্রস্তুতি নিতে। তবে সময়সূচি কিছুটা পিছিয়েও যেতে পারে বলে আলোচনা আছে।

স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন দ্রুত সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) চলতি জুন মাসের মধ্যেই বিধিমালা ও আচরণবিধি হালনাগাদ করে প্রস্তুতি শেষ করার লক্ষ্য নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী আগস্টের শেষ দিকে তফসিল ঘোষণা করে অক্টোবর মাসে প্রথম ধাপের ভোটগ্রহণের প্রস্তুতি নিতে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
ইসির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সোমবার অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ বিষয়ে আলোচনা হয়। ওই অনুষ্ঠানে ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এবং নির্বাচন কমিশনারদের পাশাপাশি ইসির সিনিয়র সচিব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেন, অক্টোবরে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে—এ কথা কর্মকর্তাদের জানানো হয়েছে। সে ক্ষেত্রে আগস্টের শেষ দিকে তফসিল ঘোষণার সম্ভাবনার কথাও বলা হয়েছে। আরেক কর্মকর্তা জানান, সভায় সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা হলেও নির্বাচন আরও কিছুটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। কর্মকর্তাদের কাজের গতি বাড়ানোর লক্ষ্যে অক্টোবরের সময়সীমা উল্লেখ করা হতে পারে বলেও তিনি মত দেন।
তফসিল কবে ঘোষণা হতে পারে—সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, স্থানীয় সরকার বিভাগ কখন নির্বাচন চায়, সেটির ওপর তফসিল ঘোষণার সময় নির্ভর করবে। তবে কমিশনের প্রস্তুতি অব্যাহত রয়েছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আগস্টের শেষে তফসিল এবং অক্টোবরে ভোটের সম্ভাবনা বাস্তবসম্মত। তিনি জানান, অক্টোবরের নির্বাচন আয়োজন করতে হলে অন্তত দেড় মাস আগে তফসিল ঘোষণা করতে হবে। সরকারের নির্দেশনা পেলেই কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গ উত্থাপন করেন নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন। এ সময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ কর্মকর্তাদের নির্দেশ দেন, জুন-জুলাইয়ের মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করে আগস্ট থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করতে হবে, যাতে সেপ্টেম্বর-অক্টোবরে ভোটগ্রহণ সম্ভব হয়।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় স্থানীয় সরকার নির্বাচন আরও সুষ্ঠু, গ্রহণযোগ্য ও মানসম্মতভাবে সম্পন্ন করতে হবে। কোনোভাবেই সেই মানের নিচে যাওয়া যাবে না বলেও তিনি উল্লেখ করেন।
ইসির পরিকল্পনায়, স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন কয়েক ধাপে সম্পন্ন হতে পারে। এরপর সিটি করপোরেশন এবং সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন আয়োজনের সম্ভাবনার কথা বলা হয়েছে। বর্তমান অবস্থা বিবেচনায় প্রায় সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচিত প্রতিনিধি না থাকায় পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ করতে ১০ থেকে ১২ মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের জন্য পৃথক বিধিমালা ও আচরণবিধি সংশোধনের কাজ করছে। সংশোধিত স্থানীয় সরকার আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং দলীয় প্রতীকের পরিবর্তে নির্দলীয় নির্বাচন ব্যবস্থা কার্যকর করতেই এসব পরিবর্তন আনা হচ্ছে।
ইসির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ১৫ জুনের মধ্যে বিধিমালা ও আচরণবিধির খসড়া কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর ১৫ দিন জনমত গ্রহণ শেষে প্রাপ্ত মতামতের ভিত্তিতে তা চূড়ান্ত করা হবে।
ইসির তথ্যমতে, নতুন গঠিত বগুড়া সিটি করপোরেশন ছাড়া দেশের ১২টি সিটি করপোরেশন, ৪৫০টির বেশি উপজেলা পরিষদ, ৩০০টির বেশি পৌরসভা এবং ৬১টি জেলা পরিষদের নির্বাচন আইনগত কোনো জটিলতা ছাড়াই আয়োজন করা সম্ভব। এছাড়া প্রায় ৬০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী অক্টোবরের মধ্যে আয়োজন বাধ্যতামূলক। আরও প্রায় ২ হাজার ৮০০ ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে নির্বাচনী সময়সীমার গণনা জুলাই থেকে শুরু হবে বলেও উল্লেখ করা হয়েছে।


