তাহেরপুর হাটে খাজনার নামে চাঁদাবাজি অভিযোগ
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর হাটে খাজনা আদায়ের নামে অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের দাবি, রশিদে উল্লেখিত টাকার সঙ্গে আদায়কৃত অর্থের মিল নেই এবং অনেক ক্ষেত্রে রশিদ না দেওয়ারও ঘটনা আছে।

রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী তাহেরপুর হাটে খাজনা আদায়ের নামে অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ তুলেছেন হাটে আসা ব্যবসায়ী ও বিক্রেতারা। তাদের দাবি, নির্ধারিত বা আদায়কৃত অর্থের সঙ্গে রশিদে উল্লেখিত টাকার কোনো মিল নেই।
ব্যবসায়ীদের অভিযোগ, নতুন ইজারাদারের নিয়োজিত লোকজন ইচ্ছেমতো খাজনা আদায় করছেন। একাধিক ক্ষেত্রে খাজনা নেওয়ার পর রশিদ দেওয়া হয়নি। আবার কোথাও কম টাকার রশিদ দিয়ে বেশি অর্থ আদায়ের ঘটনাও ঘটছে বলে জানান বিক্রেতারা। এতে রাজস্ব ফাঁকি ও প্রতারণা করা হচ্ছে বলে মনে করছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, তাহেরপুর হাটের ইজারাদার পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাগাতি। তার নামে ব্যবহৃত রশিদে কোথাও ১০ টাকা, আবার কোথাও ২০ টাকা উল্লেখ থাকলেও বাস্তবে আদায় করা অর্থের পরিমাণ আরও বেশি বলে অভিযোগ এসেছে একাধিক ব্যবসায়ীর কাছ থেকে।
গত শুক্রবার (৫ জুন) হাটে সুপারি বিক্রি করতে আসা শহিদুল ইসলাম জানান, ৮০০টি সুপারি বিক্রির পর প্রতি ১০০ সুপারি হিসেবে ২০ টাকা হারে খাজনা নেওয়া হয়। প্রথমে তাকে ১০ টাকার রশিদ দেওয়া হয়; পরে আপত্তি জানালে ২০ টাকার উল্লেখসহ আরেকটি রশিদ দেওয়া হলেও তার কাছ থেকে নেওয়া হয় ১৬০ টাকা।
পান বিক্রেতা সাজেদুর রহমান অভিযোগ করে বলেন, এক পুয়া পান বিক্রি করে ২ হাজার ৯০ টাকায় বিক্রি হলেও তাকে দেওয়া হয়েছে ২ হাজার টাকা। তিনি জানান, খাজনা নেওয়া হয়েছে ৯০ টাকা, কিন্তু রশিদ দেওয়া হয়েছে ২০ টাকার। তার দাবি, অনেক সময় রশিদই দেওয়া হয় না। পাশাপাশি পান ব্যবসায়ীদের কাছ থেকেও খাজনার নামে চাঁদাবাজির অভিযোগ করেন তিনি।
অভিযোগ রয়েছে, হাটে ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকেই খাজনা আদায় করা হয়। আবার কিছু প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে খাজনা নেওয়া হয় না বলেও অভিযোগ উঠেছে। ফলে সরকারি নিয়ম মেনে খাজনা আদায় হলে রশিদে প্রকৃত অর্থ উল্লেখ করা হবে না কেন—এ প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। তাদের মতে, রশিদের বাইরে অতিরিক্ত অর্থ আদায় হলে সেই অর্থের গন্তব্য নিয়েও স্বচ্ছতার অভাব রয়েছে।
স্থানীয় সূত্র বলছে, সাইফুল ইসলাম বাগাতির নামে হাট ইজারা থাকলেও তার পেছনে স্থানীয় এক প্রভাবশালী বিএনপি নেতার নিয়ন্ত্রণ রয়েছে। এ জন্য তিনি বাগাতির নেতৃত্বে একটি বাহিনীও গড়ে তুলেছেন বলে জানায় স্থানীয় সূত্র।
এ বিষয়ে বক্তব্য নিতে তাহেরপুর হাটের ইজারাদার সাইফুল ইসলাম বাগাতির সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন বা তাহেরপুর পৌরসভার পক্ষ থেকেও খাজনা আদায়ের নির্ধারিত হার, তদারকি ব্যবস্থা বা অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, খাজনা আদায়ের দায়িত্বে থাকা ইজারাদারপক্ষের লোকজনের দাবি, খাজনা যত টাকাই আদায় করা হোক, রশিদে ১০ অথবা ২০ টাকা উল্লেখ করার নিয়ম রয়েছে। কারও অভিযোগ থাকলে হাট অফিসে যোগাযোগ করতে বলা হয়।
তবে ব্যবসায়ীরা তাহেরপুর হাটে খাজনা আদায়ের পুরো প্রক্রিয়া তদন্তের দাবি জানিয়েছেন। তারা অতিরিক্ত অর্থ আদায়, রশিদে অসঙ্গতি এবং সম্ভাব্য রাজস্ব ফাঁকির অভিযোগ খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে রশিদের অঙ্কের অমিলের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।


