বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ · সত্য • সাহস • সংবাদ📍 আপনার এলাকা: রাজশাহী
রাজশাহী নিউজ
সর্বশেষরাজশাহী ও বাংলাদেশের সর্বশেষ সংবাদ জানতে সঙ্গে থাকুন

তানোরে ২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীর তানোর উপজেলায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বেলতলা বেইলি ব্রিজের দক্ষিণ পাশের ঘটনায় তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

তানোরে ২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
রাজশাহীর তানোর উপজেলায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টা থেকে ১১টা ১০ মিনিটের মধ্যে উপজেলার ১ নম্বর কলমা ইউনিয়নের কুজিশহর গ্রামের বেলতলা বেইলি ব্রিজের দক্ষিণ পাশে অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের নাম— মো. জহুরুল ইসলাম (২৮), মো. কামরুল ইসলাম (২৫) এবং মো. মানিক মিয়া (২৮)। জহুরুল ইসলাম ও কামরুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার হরিহরপুর গ্রামের বাসিন্দা। আর মানিক মিয়া গোদাগাড়ী উপজেলার মাঙ্গনপুর গ্রামের বাসিন্দা। রাজশাহী জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল তালন্দ বাজার ও আশপাশের এলাকায় অবস্থান নেয়। তথ্যের সত্যতা মিললে কুজিশহর গ্রামের বেলতলা বেইলি ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। পরে জহুরুল ইসলামের হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে দুটি পৃথক প্যাকেটে মোট ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশ জানিয়েছে, আসামিদের আদালতে সোপর্দ করে পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে।