তানোরে বিল কুমারী বিলে হাঁস খামার, স্বাবলম্বীর স্বপ্ন
রাজশাহীর তানোর উপজেলার বিল কুমারী বিলের বাঁধ ও সেতু সংলগ্ন এলাকায় বাঁশ, তারকাঁটা ও পলিথিন দিয়ে গড়ে ওঠা একাধিক হাঁসের খামারে স্বল্প খরচে হাঁস পালন করে স্বাবলম্বী হওয়ার উদ্যোগ চলছে। স্থানীয় বাজারসহ বিভিন্ন এলাকায় ডিম বিক্রিও হচ্ছে।

সাইদ সাজু, তানোর: রাজশাহীর তানোর উপজেলার বিল কুমারী বিলের বাঁধ ও সেতু সংলগ্ন এলাকায় কয়েকটি হাঁসের খামার গড়ে উঠেছে। বিলের উন্মুক্ত জলাশয় ও প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে স্বল্প ব্যয়ে হাঁস পালন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন স্থানীয় খামারিরা।
বাঁশের খুঁটি, তারকাঁটার বেড়া এবং পলিথিন দিয়ে প্রস্তুত করা এসব খামারে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁস বিলে ছেড়ে দেওয়া হয়। প্রাকৃতিকভাবে খাবার সংগ্রহের সুযোগ থাকায় খাদ্য ব্যয় তুলনামূলক কমে আসে। খামারগুলোতে উৎপাদিত ডিম স্থানীয় বাজারের পাশাপাশি বিভিন্ন এলাকায় বিক্রি হচ্ছে।
বুধবার বিকেলে সরেজমিনে দেখা যায়, বিল কুমারী বিলজুড়ে শত শত হাঁস দলবদ্ধভাবে খাবার খুঁজে বেড়াচ্ছে। এ সময় খামারিরা হাঁসের দেখভাল ও ডিম সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। স্থানীয়দের মধ্যেও এ উদ্যোগ নিয়ে আগ্রহ লক্ষ্য করা গেছে।
খামারি মামুন ও লুৎফর জানান, তাদের বাড়ি তানোর উপজেলার কৃষ্ণপুর এলাকায়। তারা যৌথভাবে ছোট-বড় মিলিয়ে প্রায় ১ হাজার ৪০০ হাঁস পালন করছেন। প্রতিদিন গড়ে প্রায় ২৫০টি ডিম পাওয়া যায়, যা স্থানীয় বাজারসহ বিভিন্ন এলাকায় বিক্রি করা হয়।
খামারি মামুন বলেন, প্রতিদিন সকালে হাঁসগুলো বিলে ছেড়ে দেওয়া হয়; সারাদিন প্রাকৃতিকভাবে খাবার খেয়ে হাঁস বড় হয়। এতে খাদ্য খরচ কম লাগে এবং ডিম বিক্রি করে ভালো আয় হয় বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, দুইজন শ্রমিকের খরচ দিলেও লাভ থাকে।
অপর খামারি লুৎফর বলেন, সরকারিভাবে আর্থিক সহায়তা, সহজ শর্তে ঋণ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে তারা আরও বড় পরিসরে হাঁস পালন করতে পারবেন। এতে এলাকার মানুষের মাংস ও ডিমের চাহিদা পূরণেও ভূমিকা রাখা সম্ভব হবে বলেও তিনি জানান।
স্থানীয়দের মতে, শিব নদীর অংশ হিসেবে পরিচিত বিল কুমারী বিল ও আশপাশের জলাবদ্ধ এলাকা হাঁস পালনের জন্য উপযোগী। এ সুযোগ কাজে লাগিয়ে অনেকেই এখন হাঁস খামারের দিকে ঝুঁকছেন। তাদের মতে, এতে গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে।
সচেতন মহলের মতে, তানোরের বিস্তীর্ণ বিল ও জলাশয় পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে হাঁস পালন সম্প্রসারণ করা গেলে একদিকে কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণেও সহায়ক ভূমিকা রাখতে পারবে।
এ বিষয়ে তানোর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী বলেন, খামারিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং কোনো সমস্যা হলে প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় ওষুধ ও সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। তিনি জানান, হাঁস পালন লাভজনক হওয়ায় অনেকেই এ খাতে আগ্রহী হচ্ছেন। একই সঙ্গে তিনি বলেন, প্রাকৃতিক পরিবেশে হাঁস পালন খামারিদের জন্য লাভজনক উদ্যোগ; সরকারি সহায়তা ও প্রশিক্ষণ বাড়ানো গেলে এ অঞ্চলে হাঁস শিল্প আরও বিকশিত হবে।


