তিন শর্তে ফের চালুর অনুমতি পেল আদ্-দ্বীন হাসপাতাল
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সরকার। শর্তসাপেক্ষে হাসপাতালটিকে আবার কার্যক্রম চালাতে বলা হয়েছে।

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স দেড় মাস আগে বাতিল করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। পরে আপিল ও তদন্ত শেষে সরকার লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে হাসপাতালটিকে শর্তসাপেক্ষে ফের চালুর অনুমতি দিয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী আজ সোমবার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ মে বড় মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বিষয়টি নিয়ে সমালোচনার প্রেক্ষিতে ১১ জুন লাইসেন্স বাতিল করা হয়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের দাখিল করা আপিল ও আপিলের অধিকতর বিবরণী বিবেচনায় তদন্ত কমিটি গঠন করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ওই তদন্ত কমিটিকে ১৫ জুলাই তিন কর্মদিবসের মধ্যে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় তিনটি শর্ত সাপেক্ষে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে এবং হাসপাতালকে আবার কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
হাসপাতালটিকে দেওয়া তিনটি শর্ত হলো— (১) দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২–এর নির্দেশনা প্রতিপালন অব্যাহত রাখা; (২) লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা; এবং (৩) লাইসেন্সের শর্ত প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা নেবে।


