লক্ষ্মীপুরে ডাম্প ট্রাক-অটোরিকশা সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু
লক্ষ্মীপুরে ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রুবেল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

লক্ষ্মীপুরে ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রুবেল (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর শহরের মজুচৌধুরীরহাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়ভাবে জানা যায়, চৌধুরী রুবেল সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। ওই সময় দ্রুতগতির একটি ডাম্প ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার মাথা, হাত ও পায়ে মারাত্মক আঘাত লাগে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ নেন। সোমবার (২৭ জুলাই) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত রুবেল লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বাসিন্দা এবং ফারুক হোসেন চৌধুরীর ছেলে।
লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন বলে তারা জানতে পেরেছেন। তিনি জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


