বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ · সত্য • সাহস • সংবাদ📍 আপনার এলাকা: রাজশাহী
রাজশাহী নিউজ
সর্বশেষরাজশাহী ও বাংলাদেশের সর্বশেষ সংবাদ জানতে সঙ্গে থাকুন

উত্তর ইরাকে কুর্দি নিয়ন্ত্রিত খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা

উত্তর ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত ‘খোর মোর’ গ্যাসক্ষেত্রে ইরানি ড্রোন হামলার দাবি করেছে আইআরআইবি। হামলার পর এরবিলে একাধিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।

উত্তর ইরাকের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা
উত্তর ইরাকে কুর্দি নিয়ন্ত্রিত ‘খোর মোর’ গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি এ দাবি করেছে। এই গ্যাসক্ষেত্র থেকে উত্তরাঞ্চলের অধিকাংশ বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয়। আইআরআইবি জানায়, উত্তর ইরাকের কুর্দি অধ্যুষিত অঞ্চলের সুলাইমানিয়ায় অবস্থিত ওই গ্যাস ক্ষেত্রে সোমবার দিবাগত শেষ রাতের দিকে হামলা হয়েছে। একই সময়ে কুর্দি শাসিত অঞ্চলের রাজধানী এরবিলেও বিকট বিস্ফোরণের খবর পাওয়া যায় এবং বিস্ফোরণের মুহূর্তের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ইরাকি সংবাদমাধ্যম এবং ইরানের বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়, মার্কিন কনস্যুলেটের নিকটবর্তী এলাকা, এরবিলসহ উত্তর ইরাকে অন্তত সাতটি বিস্ফোরণ হয়েছে। আল–জাজিরার সঙ্গে আলাপকালে পুলিশ সূত্র জানিয়েছে, এরবিলের উত্তর-পূর্বে অবস্থিত খালিফান ও সোরান এলাকার বিভিন্ন স্থানে অন্তত চারটি ইরানি ড্রোন হামলা চালানো হয়। পুলিশের তথ্য অনুযায়ী, ইরানি ড্রোন হামলার জবাবে এরবিলের ওপর দিয়ে যুক্তরাষ্ট্রের ১০টিরও বেশি যুদ্ধবিমান ও ড্রোন উড়তে দেখা গেছে। লক্ষ্যবস্তুর আশপাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। দুটি ড্রোন লক্ষ্যবস্তুর কাছাকাছি এসে বিধ্বস্ত হয়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র নতুন ধাপে টানা ১৩ রাত হামলার পর গত শুক্রবার থেকে ইরানে হামলা স্থগিত করেছে। যুক্তরাষ্ট্র হামলা স্থগিত করায় ইরানও হামলা বন্ধ রেখেছে। তবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অস্ত্র ও সামরিক সরঞ্জামের ঘাটতির কারণে হামলা স্থগিত রাখা হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দাবি নাকচ করে বলেন, মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধেই তিনি হামলা স্থগিত করেছেন। মিশিগানে যাওয়ার পথে সোমবার ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ভালো আলোচনা চলছে এবং ভালো কিছু ঘটার সম্ভাবনা আছে।